বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাঁদের শপথ পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। এ সময় জামায়াতসহ ১১ দলীয় জোটের একাংশ উপস্থিত ছিলেন।
প্রথমে তাঁরা জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন, পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘বিএনপির নবনির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের সদস্যরাও কোনো শপথ নেবেন না। তাঁদের মতে, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।
পরে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে সিদ্ধান্ত হয় তারা শপথ নেবেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। দলটি এককভাবে ২১২টি আসনে জয় পায়। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭ আসনে বিজয়ী হয়।