বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬
২৯ মাঘ ১৪৩২

আপনি পড়ছেন : ফরিদপুর

যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ২০


ডেস্ক রিপোর্ট ১১ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৩:৩৫
 যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ২০
ছবি:সংগৃহীত

ফরিদপুরের একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

বুধবার দুপুর ১টার দিকে জেলার ভাঙা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে সুয়াদি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করতে ছিল। এমন সময় সামনে থেকে আরেকটি গাড়ি চলে আসলে সেই গাড়ির সাইট দিতে গিয়ে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহতের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে অন্য নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ভাঙা ফায়ার সার্ভিস ও ভাঙা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০জন গুরুতর আহত হয়েছেন। গাড়িটি উদ্ধার করে ভাঙা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।